প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম

সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে । ছবি : সংগৃহীত
সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে । ছবি : সংগৃহীতসরকারি ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার (প্রক্সি) অভিযোগ রয়েছে। বাকি ২৩ জনকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়।
শুক্রবার রাজধানীর চারটি পরীক্ষাকেন্দ্রে সরকারি ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষা চলাকালে এসব ঘটনা ঘটে।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) তত্ত্বাবধানে নেওয়া পরীক্ষাটির পূর্ণমান ছিল ২০০। ৯০৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হয়েছিলেন ৮ হাজার ৯৫৭ জন চাকরিপ্রার্থী। নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষাটির জব আইডি ছিল ২৬১০১।
কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আটজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে। তাদের সবাইকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়।
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসদুপায়ের অভিযোগে বহিষ্কার করা হয় সাতজনকে। তাদের মধ্যে একজন প্রক্সি পরীক্ষার্থী ছিলেন। একই ধরনের ঘটনায় শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পাঁচজন এবং ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চারজনকে বহিষ্কার করা হয়। শেষ দুই কেন্দ্রের বহিষ্কৃতদের কাছেও ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।
নিয়োগ পরীক্ষার এই লিখিত ধাপে অংশ নেওয়ার সুযোগ পান মূলত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। সংশ্লিষ্ট পদগুলোতে নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রায় দেড় লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। বাছাই প্রক্রিয়ার পর নির্বাচিত প্রার্থীদের নিয়ে শুক্রবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার জন্য রাজধানীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।
এর মধ্যে, লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে আসন ছিল ২ হাজার ৭০০টি। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১৫০টি করে আসন রাখা হয়। অন্যদিকে, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আসন ছিল ১ হাজার ৯৫৭টি।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্রে অসদুপায় অবলম্বনের ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
সময়ের আলো/এসকে