শতকোটি টাকার জাহাজ অলস, ভাসমান হাসপাতাল করার পরিকল্পনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

যাত্রী পরিবহনের জন্য শতকোটি টাকা ব্যয়ে কেনা চারটি জাহাজ এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)। এর মধ্যে

2026-11-27T16:54:19+00:00
2026-11-27T16:54:19+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয়
শতকোটি টাকার জাহাজ অলস, ভাসমান হাসপাতাল করার পরিকল্পনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম 
সদরঘাটের বাদামতলী ঘাটে নয় মাস ধরে অলস পড়ে আছে বিআইডব্লিউটিসির জাহাজ । ছবি : সংগৃহীত
সদরঘাটের বাদামতলী ঘাটে নয় মাস ধরে অলস পড়ে আছে বিআইডব্লিউটিসির জাহাজ । ছবি : সংগৃহীত
যাত্রী পরিবহনের জন্য শতকোটি টাকা ব্যয়ে কেনা চারটি জাহাজ এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)। এর মধ্যে নতুন কেনা দুটি জাহাজ সদরঘাটের বাদামতলী ঘাটে নয় মাস ধরে অলস পড়ে আছে। যাত্রীসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে এগুলো চালু করা যাচ্ছে না। পুরোনো আরও দুটি জাহাজও দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সব মিলিয়ে ১২২ কোটি টাকা ব্যয়ে কেনা চারটি জাহাজের মধ্যে তিনটিকে এবার ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল নৌপথে যাত্রী পরিবহনের জন্য ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে ৬৮ কোটি টাকায় এমভি রূপসা ও এমভি সুগন্ধা নামের জাহাজ দুটি কেনা হয়। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি জাহাজ দুটি সংস্থাটির বহরে যুক্ত হলেও এখন পর্যন্ত নিয়মিত যাত্রী পরিবহনে ব্যবহার করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে কয়েক দিন বেসরকারি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ দুটি চালানো হয়েছিল। তবে ইঞ্জিনসহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি এবং যাত্রীসংকটের কারণে সেগুলো বন্ধ রাখতে হয়। পরে ত্রুটি মেরামত করা হলেও এখনো চালু করা যায়নি। ফলে আয় না থাকলেও জাহাজ দুটির পেছনে নিয়মিত ব্যয় বহন করতে হচ্ছে সংস্থাটিকে।

একই অবস্থায় রয়েছে বিআইডব্লিউটিসির বহরে থাকা এমভি বাঙালি ও এমভি মধুমতি। ২০১৪ ও ২০১৫ সালে ওয়েস্টার্ন মেরিনের কাছ থেকে ৫৪ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল জাহাজ দুটি। দীর্ঘদিন ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে পড়ে থেকে সেগুলোও নষ্ট হচ্ছে। এর মধ্যে এমভি বাঙালিকে মেরামতের জন্য নারায়ণগঞ্জের একটি ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।

ভাসমান হাসপাতাল করার পরিকল্পনা

অব্যবহৃত জাহাজগুলো বিকল্প কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে। বাকি একটি জাহাজ নৌপরিবহন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অনুষ্ঠানে ব্যবহারের জন্য রাখা হতে পারে।

গত ১৭ নভেম্বর সচিবালয়ে এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের নিয়ে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

সভায় হাওর, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিন ধরনের বিশেষায়িত ভাসমান হাসপাতাল চালুর বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে একটি হবে চক্ষুচিকিৎসার জন্য, একটি মা ও শিশুস্বাস্থ্যসেবার জন্য এবং অন্যটি অর্থোপেডিক চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য। প্রতিটি হাসপাতালে এসব বিশেষায়িত সেবার পাশাপাশি মেডিসিন বিশেষজ্ঞের মাধ্যমে সাধারণ চিকিৎসার ব্যবস্থাও রাখার প্রস্তাব রয়েছে।

হাসপাতালে রূপান্তরের ক্ষেত্রে জাহাজের মূল কাঠামো অপরিবর্তিত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। প্রয়োজন অনুযায়ী খালি জায়গাগুলোতে পার্টিশন দিয়ে চিকিৎসাকক্ষ তৈরি করা হবে। রোগীদের ওঠানামার সুবিধার্থে একটি সিঁড়ি র‍্যাম্পে রূপান্তরের প্রস্তাবও রয়েছে। পাশাপাশি চিকিৎসক ও নার্সদের আবাসন, খাবার, স্যানিটেশন এবং হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে।

নৌপরিবহন সচিব আতাউর রহমান খান গণমাধ্যমকে বলেন, জাহাজগুলো দিনের পর দিন এভাবে পড়ে থাকতে পারে না। এগুলো বিকল্প কাজে ব্যবহারের চিন্তাভাবনা চলছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় ভাসমান হাসপাতাল হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে জাহাজ সরবরাহ করা নৌপরিবহন মন্ত্রণালয়ের কাজ হলেও চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। কোন তিনটি জাহাজ হাসপাতালে রূপান্তর করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ

জাহাজগুলোকে হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে বেশ কিছু বাধা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনে চিকিৎসক ও নার্সদের আগ্রহ, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা, বেতন-ভাতা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়গুলো এখনো সুরাহা হয়নি।

এ ছাড়া, হাসপাতাল পরিচালনায় জ্বালানি, রক্ষণাবেক্ষণ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের অর্থায়ন কীভাবে হবে, তা-ও নির্ধারণ করা হয়নি। কোন কোন এলাকায় এসব হাসপাতাল পরিচালিত হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধার সম্ভাব্য ব্যয় নিরূপণের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আবদুল বারী ড্যানী গণমাধ্যমকে বলেন, জাহাজগুলো দীর্ঘদিন ধরে অলস পড়ে আছে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেগুলোকে ভাসমান হাসপাতালে রূপান্তরের চেষ্টা চলছে। পদ্মা সেতু চালুর পর মানুষ সড়কপথে বেশি যাতায়াত করছে। ফলে নৌপথে যাত্রী কমেছে, কমেছে আয়ও। এ পরিস্থিতিতে জাহাজগুলো বিকল্পভাবে ব্যবহারের চিন্তা করা হচ্ছে।

পরিকল্পনা ছাড়াই জাহাজ কেনার অভিযোগ

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাহাজ কেনার ক্ষেত্রে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলোর পরিচালনা ও ভবিষ্যৎ ব্যবহারের পরিকল্পনায় ততটা মনোযোগ ছিল না। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল নৌপথে যাত্রী কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই বিকল্প পরিকল্পনা করা প্রয়োজন ছিল।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমভি বাঙালি ও এমভি মধুমতি অলস পড়ে থাকার কয়েকটি কারণ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে, জাহাজ দুটির অবস্থান সদরঘাটের মূল টার্মিনাল থেকে দূরে বাদামতলী এলাকায়। ফলে যাত্রীরা সেখানে গিয়ে জাহাজে উঠতে আগ্রহী হন না। এ ছাড়া, সাধারণ মানুষের কাছে জাহাজ দুটি সম্পর্কে পর্যাপ্ত প্রচারও ছিল না। পদ্মা সেতু চালুর পর যাত্রীসংকট আরও প্রকট হলে লোকসান কমাতে জাহাজ দুটি বসিয়ে রাখা হয়।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে রাষ্ট্রীয় অর্থে কেনা এসব সম্পদ এখন অলস পড়ে রয়েছে। ভাসমান হাসপাতাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়িত হলে জাহাজগুলোর কাজে লাগার সুযোগ তৈরি হতে পারে। তবে সে জন্য দ্রুত অর্থায়ন, জনবল ও পরিচালনব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   শতকোটি টাকা  জাহাজ  অলস  ভাসমান  হাসপাতাল  করার  পরিকল্পনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: