প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম

দেশের অধিকাংশ এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সংগৃহীত ছবি
দেশের অধিকাংশ এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সংগৃহীত ছবি দেশের অধিকাংশ এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
এদিকে, আগামী শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী সময়েও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘের উপস্থিতি থাকলেও দেশের কোথাও বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। এদিনও রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে। অন্যদিকে, শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২২ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ