প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ৪:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭২ জন মারা গেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। সব মিলিয়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৫৫৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।
সময়ের আলো/জেডি