প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম

‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম । ছবি : সংগৃহীত
‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম । ছবি : সংগৃহীতজাতীয় স্বার্থ সুরক্ষা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবভিত্তিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৌশলগত সরবরাহব্যবস্থায় বৈচিত্র্য আনার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।
শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, বৈশ্বিক ব্যবস্থায় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে অভিন্ন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে অংশীদারত্ব গড়ে তোলার নীতি অনুসরণ করছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাস্তবতা ও কৌশলগত বিবেচনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কৌশলগত ভারসাম্য বজায় রেখে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করছে। এই নীতির মূল লক্ষ্য দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনে যেসব নতুন সুযোগ তৈরি হচ্ছে, সেগুলো কাজে লাগাতে বাংলাদেশ সতর্ক ও সক্রিয় রয়েছে। একই সঙ্গে গণতন্ত্র, বহুপক্ষীয় সহযোগিতা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
রোহিঙ্গা সংকটের বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, ১২ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সংকটের স্থায়ী সমাধান, আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার রয়েছে বাংলাদেশ।
গোলটেবিল আলোচনায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও), নীতিনির্ধারক, পেশাজীবী ও বিশেষজ্ঞরা অংশ নেন। ক্রমবর্ধমান আর্থসামাজিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বৈশ্বিক উত্তর ও দক্ষিণের দেশগুলোর ভবিষ্যৎ আন্তর্জাতিক অংশীদারত্বের ধরন ও সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করেন।
সময়ের আলো/এসকে