ব্যারাকে কষ্টের রাত পুলিশের

আদিল সরকার

জাতীয়

ঘুম, খাবার কিংবা বিশ্রাম নিয়ে পুলিশ সদস্যদের সবসময়ই অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। ঘুমের জন্য যেটুকু জায়গা বরাদ্দ তাতে শোয়ার জায়গার

2026-11-28T00:54:41+00:00
2026-11-28T00:54:41+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয়
ব্যারাকে কষ্টের রাত পুলিশের
আদিল সরকার
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ এএম 
ছবি : এআই জেনারেটেড
ছবি : এআই জেনারেটেড
ঘুম, খাবার কিংবা বিশ্রাম নিয়ে পুলিশ সদস্যদের সবসময়ই অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। ঘুমের জন্য যেটুকু জায়গা বরাদ্দ তাতে শোয়ার জায়গার সংকুলান হয় না। খাবারের মান নিয়ে প্রশ্ন তো পুরোনো। আর যেখানে ঘুম কিংবা খাবারের মান নিয়েই প্রশ্ন আছে— সেখানে বিশ্রামের প্রসঙ্গটি তো কারও নজরেই পড়ে না। কাঠখোট্টা রোদে দীর্ঘ ডিউটি কিংবা রাত জেগে রাজধানীর ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে এভাবেই দিনরাত দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। 

তবে মাঠ পর্যায়ে বাহিনীটির কনস্টেবল থেকে শুরু করে এসআই পর্যন্ত র‌্যাঙ্কের সদস্যদের জন্য যেন এই কঠোর পরিশ্রম শেষে নির্দিষ্ট সময় বরাদ্দ থাকা ঘুমের জন্য পড়তে হয় বাড়তি যন্ত্রণার ভেতর। তাদের অধিকাংশই থানার ব্যারাকের অল্প জায়গায় ঘুমানো এবং অপরিচ্ছন্নতাসহ নানা সমস্যায় দিনাতিপাত করেন। জায়গা সংকটে কেউ কেউ থানায় থাকা মসজিদেও ঘুমান। এ ছাড়া থানার সেসব ব্যারাকের গোসলখানা ও ওয়াশরুমসহ অধিকাংশ জায়গায়ই অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে। এমন পরিবেশেই নানা রকম সংক্রমণের ঝুঁকি নিয়ে পার হয় তাদের প্রতিটি দিন।

অন্যদিকে পুলিশ সদস্যের বড় একটি অংশ থাকেন রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স ব্যারাকে। তবে ব্যারাকের ওই ভবনের মধ্যেই টানানো রয়েছে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ নোটিস। তারপরেও পুরোনো ভবনে জীবনের ঝুঁকি নিয়েই থাকতে হয় তাদের। অন্যদিকে নিরবচ্ছিন্ন ঘুমের অভাব ও স্যাঁতসেঁতে পরিবেশ থেকে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে তারা মানসিকভাবে সক্ষম থাকেন না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। দায়িত্ব পালনের জন্য নিরবচ্ছিন্ন ঘুম ও সুষম খাবার নিশ্চিতে জোর দেন তারা। কিন্তু রাজধানীর একাধিক থানায় সরেজমিনে ব্যারাকের এমন বেহাল দশা দেখে যে কাউকে চমকে উঠতে হবে— পুলিশ সদস্যরা এমন পরিস্থিতিতে থেকেও কীভাবে দায়িত্ব পালন করেন।

শাহবাগ থানায় দেখা যায়, ব্রিটিশ আমলে নির্মিত সব ভবনই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায়। নেই পর্যাপ্ত অফিসকক্ষ ও বিশ্রামের ব্যবস্থাও। থানায় থাকা প্রায় ১২২ জন পুলিশ সদস্যের মধ্যে অনেকে থাকেন ওই থানার ব্যারাকে। যেখানে থাকার জায়গা স্বল্পতা থাকায় অনেককে পাশের মসজিদের একপাশে মশারি টানিয়ে থাকতে দেখা যায়। থানা ব্যারাকের সদস্যদের জন্য থাকা ওয়াশরুমগুলো অপরিচ্ছন্ন ও বড্ডো স্যাঁতসেঁতে। 

সেখানকার এক পুলিশ সদস্য বলেন, ব্যারাকে জায়গা কম হওয়ায় ডিউটি শেষে মসজিদের এক পাশে ঘুমাতে হয়। ওয়াশরুমের অবস্থাও অত্যন্ত নাজুক। সবমিলিয়ে মনের মধ্যে ফ্রেশনেস কাজ করে না। এ ছাড়া দীর্ঘসময় ডিউটি করে এসে এমন পরিবেশে থাকা কষ্টকর হয়ে পড়ে।

ওসি মনিরুজ্জামানও একই সমস্যার কথা স্বীকার করে বলেন, পুরোনো ভবনগুলো ঝুঁকিপূর্ণ। এ ছাড়া ব্যারাকের অবস্থাও খারাপ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়গুলো অবহিত করা হয়েছে। এ ছাড়া জায়গার সংকট এতটাই প্রকট যে প্রায় ৫০ জন কর্মকর্তার মধ্যে পাঁচজনেরও একসঙ্গে বসার মতো জায়গা নেই। নতুন ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ হয়েছে। সেটি বাস্তবায়ন হলে এসব সমস্যার সমাধান হবে বলে আশা করি। 

এ ছাড়া রমনা মডেল থানায় দেখা যায়, একটি ভাড়া করা চার তলা পুরোনো বাসায় কার্যক্রম চালাচ্ছে মডেল থানাটি। ওই ভবনের ওপরের তলায় থাকার জায়গা করা হয়েছে পুলিশ সদস্যদের জন্য। তবে জায়গা কম হওয়ায় সবাই সেখানে থাকতে পারেন না। ফলে এই এলাকায় ডিউটি শেষে রাজারবাগ পুলিশ ব্যারাকে গিয়ে থাকেন তাদের অনেকে। তবে নতুন জায়গায় থানার নির্মাণাধীন ভবনের কাজ হলে এসব সমস্যা দূর হবে বলে জানান ওই থানার ঊর্ধ্বতনরা।

জানা যায়, পুলিশকে আরও জনবান্ধব ও গণতান্ত্রিক বাহিনীতে রূপান্তরে ২০০৫ সালে শুরু হওয়া পুলিশ রিফর্ম প্রোগ্রামের (পিআরপি) আওতায় রাজধানীর কয়েকটি থানাকে মডেল থানায় রূপান্তর করা হয়। তবে থানাগুলো কেবল কাগজ-কলম ও সাইনবোর্ডেই মডেল থানা হিসাবে পরিচিত। কিন্তু বাস্তবে সেগুলোও সাধারণ থানার মতোই জনবল, আবাসন ও লজিস্টিক সংকটে জর্জরিত।

অন্যদিকে এসব থানা ছাড়াও কলাবাগান, হাজারীবাগ ও তেজগাঁও থানাসহ অন্য থানাগুলোর ব্যারাকেও রয়েছে জায়গা সংকট। ফলে কিছু পুলিশ সদস্যকে পাশের ডরমেটরিতে বাড়তি টাকা দিয়ে থাকতে হয় কিংবা বাড়তি খরচে বাসা ভাড়া নিয়ে থাকেন কেউ কেউ। এ ছাড়া ব্যারাকগুলোতে দেওয়া খাবারের মান এবং পুষ্টি নিশ্চিতের বিষয়েও প্রশ্ন রয়েছে সদস্যদের। সেখানে দেওয়া নিম্নমানের খাবারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, রাজধানীর পুলিশ সদস্যের বড় একটি অংশ থাকেন রাজারবাগ পুলিশ লাইন্স ব্যারাকে। তবে ব্যারাকের ওই ভবনটি অনেক পুরোনো হওয়ায় সেখানে টানিয়ে দেওয়া রয়েছে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ নোটিস। তারপরেও সেখানে ঝুঁকি নিয়ে থাকতে হয় সদস্যদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এসআই প্রতিবেদককে জানান, সবাই জানে যে এটি ঝুঁকিপূর্ণ ভবন, নোটিসও টানানো আছে। তারপরেও জায়গা বা বিকল্প ব্যবস্থা না থাকায় আমাদের সেখানে থাকতে হয়। এতো বড় একটা বাহিনীর সদস্যদের থাকার জায়গা যদি এমন হয় তা হলে আর বলার কিছু থাকে না!

ঝুঁকিপূর্ণ ওই ভবনে সদস্যদের থাকার বিষয়ে জানতে চাইলে রাজারবাগ পুলিশ লাইন্সের ডিসি (স্টেট) সময়ের আলোকে বলেন, আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই। তাই জায়গার অভাবে ওই ঝুঁকিপূর্ণ ভবনেই পুলিশ সদস্যদের থাকতে হয়। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কনসার্ন আছেন। এ ছাড়া ব্যারাকের নতুন ভবন তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনও কাজ শুরু হয়নি। ভবনটি ভেঙে নতুন করে তৈরিতে আরও কিছু সময় লাগবে। 

তিনি বলেন, পুলিশের বাসা বরাদ্দও বাড়াতে হবে। বাহিনীটির মাত্র দুই শতাংশ জনবলের জন্য বাসা বরাদ্দ রয়েছে।
অপরাধ দমনে কাজ করতে এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে পুলিশ সদস্যদের ঘুমসহ প্রয়োজনীয় অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক সময়ের আলোকে বলেন, পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের আবাসন, খাবার ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে দীর্ঘদিনের সংকট রয়েছে। 

অপর্যাপ্ত জায়গা, অপরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যসম্মত আবাসনের অভাবে তারা মানবেতর ও কষ্টকর পরিস্থিতিতে দিনাতিপাত করছেন। পুলিশের কাছ থেকে জনগণ উন্নত সেবা প্রত্যাশা করে। কিন্তু সেবা প্রদানকারী পুলিশ সদস্যরাই যখন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকেন, তখন তাদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রেখে মানসম্মত সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে।

এই অপরাধ বিশেষজ্ঞ বলেন, পুলিশ যে সেবা পায়, তার সঙ্গে পুলিশ যে সেবা দেয়, তার সরাসরি সম্পর্ক রয়েছে। তাই একপক্ষীয় দোষারোপ না করে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের থাকা, খাওয়া ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করতে হবে। এতে পুলিশের সেবার মান ও সুনাম বাড়বে এবং সদস্যরা সুস্থতা ও শক্ত মনোবল নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   ব্যারাক  কষ্টের রাত  পুলিশ  পুলিশ সদস্য  বিশ্রাম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: