এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ বেশি বাড়িভাড়া কার্যকর হচ্ছে। বুধবার (১ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাস্তবায়ন করা হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হওয়ায় এখন থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। তবে সর্বনিম্ন বাড়িভাড়া ভাতা ২ হাজার টাকা বহাল থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্র জানিয়েছে, শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। এ নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। ফলে চলতি মাস থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্ধিত হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।
সেদিন জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা কার্যকর করা হবে। একই সঙ্গে ১ জুলাই ২০২৬ থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত করে মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
সময়ের আলো/এসএকে