২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে হাইকোর্ট এলাকা থেকে সুখরঞ্জন বালী অপহরণ ও গুমের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রিকুইজিশনের ভিত্তিতে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন
শফিকুল ইসলাম বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, ঘটনার সময় ফজলুর রহমান গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। ঘটনার দিন সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর ফজলুর রহমান তাকে একটি থাপ্পড় মারেন। এরপর শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় তিনি এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে জানান শফিকুল ইসলাম।
সময়ের আলো/আরবিএন