
আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগে নির্ধারিত ৩০ জুনের পরিবর্তে এখন ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হিসেবে নিবন্ধন করা যাবে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনার ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদের কাজ কতদিন পর্যন্ত চালানো সম্ভব, তা পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে ভোটার তালিকাসংক্রান্ত আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।
আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হলেও নতুন সময়সীমা কার্যকর রাখতে কোনো সমস্যা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত ভোটকেন্দ্রের প্রয়োজনীয়তা নির্ধারণে একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন