জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিচালিত এনআইডির জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। ফলে নির্ধারিত কয়েকটি ক্যাটাগরির সংশোধন আবেদন এখন আর সেখানে গ্রহণ বা নিষ্পত্তি করা হবে না।
সোমবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে থাকা ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এ ছাড়া নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে যেসব আবেদন করা সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না।
চিঠিতে বিভিন্ন ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্বও পুনর্বণ্টন করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, ‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
এর আগে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হতো, যেখানে নাগরিকরা দ্রুত সেবা পেতেন।
সময়ের আলো/আরবিএন