ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পোস্টে ইশরাক হোসেন বলেন, সাভারে এনসিপির জনসভায় সংঘটিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। তার মতে, এ ধরনের সহিংসতা রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘমেয়াদে দেশ ও জাতিকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।
তিনি আরও বলেন, এমন কর্মকাণ্ডকে কোনোভাবেই রাজনৈতিক কার্যক্রম হিসেবে বিবেচনা করা যায় না। তার ভাষ্য, যারা সহিংসতা, হত্যা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তে বিদেশি শক্তির ওপর নির্ভর করে রাজনীতি করেছে, এ ধরনের ঘটনার মাধ্যমে মূলত তারাই লাভবান হওয়ার সুযোগ পায়।
ইশরাক হোসেনের দাবি, এসব অপশক্তির অবশিষ্ট অংশ এবং তাদের আশ্রয়দাতাদের দ্রুত নিষ্ক্রিয় করা দেশের নিরাপত্তার স্বার্থে জরুরি। একই সঙ্গে তিনি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সময়ের আলো/এসএকে