টানা বর্ষণে পানির নিচে সীতাকুণ্ড, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের সড়ক, অলিগলি, বসতবাড়ি, দোকানপাট

2026-07-07T22:08:42+00:00
2026-07-07T22:08:42+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
টানা বর্ষণে পানির নিচে সীতাকুণ্ড, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:০৮ পিএম 
সীতাকুণ্ড উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। ছবি : সময়ের আলো
টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের সড়ক, অলিগলি, বসতবাড়ি, দোকানপাট ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। অনেক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতেও দেখা যাচ্ছে, চারদিকে শুধু পানি আর পানি। একই সঙ্গে টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও বেড়েছে। 

সরেজমিন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সীতাকুণ্ড পৌরসভা, সলিমপুর, কুমিরা, সোনাইছড়ি, বাঁশবাড়ীয়া, বারৈয়াঢালা, ভাটিয়ারী, বাড়বকুণ্ডসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় পরিবারগুলো চরম ভোগান্তিতে রয়েছে। কোথাও কোথাও ড্রেন উপচে পানি সড়কে উঠে এসেছে, ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা জানান, এমন টানা বৃষ্টিতে অনেক এলাকায় পানি নামার সুযোগ না থাকায় জলাবদ্ধতা দ্রুত বাড়ছে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না। নিম্নাঞ্চলের পরিবারগুলোকে নৌকা বা পানির মধ্যে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশ ও ঢালু এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে প্রয়োজনে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে সরে যেতে হবে। পাশাপাশি জলাবদ্ধ এলাকায় বসবাসকারীদেরও নিরাপত্তার স্বার্থে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ বিভাগ, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলো প্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে এবং গুজবে কান না দিয়ে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে। 

স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থা, খাল পুনঃখনন এবং পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ না নিলে প্রতি বর্ষায় একই দুর্ভোগের মুখোমুখি হতে হবে। টানা বৃষ্টিতে সৃষ্ট এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীতাকুণ্ডবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন।

সময়ের আলো/জোই


  বিষয়:   টানা বর্ষণ  পানির নিচে  সীতাকুণ্ড  জলাবদ্ধতায  জনজীবন  বিপর্যস্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: