রাঙামাটি পার্বত্য জেলায় চলমান ভারী বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি পাহাড়ি ঢলে নদীপথও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ নয় বিবেচনায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
তবে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং অফিস খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে বুধবার (৮ জুলাই) বিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার (৯ জুলাই) শুধুমাত্র পাঠদান বন্ধ থাকবে, অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চলবে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটিতে ৮৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।