প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:৩৮ পিএম আপডেট: ১২.০৭.২০২৬ ১১:৫৮ পিএম
সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের। সংগৃহীত ছবি প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১২ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান আসামিপক্ষের জামিন নাকচ করে এ আদেশ দেন। আহমেদ জোবায়েরের আইনজীবী ফরহাদ হোসাইন নিয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, এ মামলায় গত ১৮ জুন বৃহস্পতিবার আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত। ওইদিন এই মামলায় তিন জনের জামিন মঞ্জুর হয়।
জামিন মঞ্জুর হওয়া তিন আসামিরা হলেন— আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী। এর আগে আদালতের সমন উপেক্ষা করায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত এই সিদ্ধান্ত দেন।
প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে গত ১০ মে আদালতে মামলা দায়ের করেন সৈয়দ আসাদুজ্জামান। ওইদিনই আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
নির্ধারিত তারিখে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলায় পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।
সময়ের আলো/ইউএমএইচ