জাদুঘর ইস্যুতে সাংবাদিক নুরুল কবীরের সমালোচনার জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ‘এই জাদুঘর ওপেন হবেই। কারণ এটা বাংলাদেশের হৃদপিণ্ড।’
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন।
শারীরিক অসুস্থতার কারণে উত্তর দিতে দেরি হওয়ার কথা জানিয়ে ফারুকী লেখেন, ‘প্রিয় নুরুল কবীর ভাই, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আপনার কথার উত্তর দিতে দেরি হইলো। আমি আসলে আপনার কথাগুলা শুনে প্রথমে বিস্মিত হইছি, পরে ক্রুদ্ধ হইছি।’
সাবেক এই উপদেষ্টা লেখেন, আমি অনেক রকম ভাষায়, অনেক রকম ভঙ্গিতে এর উত্তর দিতে পারতাম। কিন্তু নিজেকে সংযত করে শুধু এইটুকুই বলি, এই যে আপনি একটা মিথ্যা রিপোর্টে বিশ্বাস করে আমার নাম জড়িয়ে এই কথাগুলো বললেন এবং এতে যে আমার সম্মানহানি হইলো, এতে কী আপনি কখনো দুঃখবোধ করবেন? আপনি একবারও প্রয়োজন বোধ করলেন না ফ্যাক্টচেক করার?’
ফারুকী লেখেন, এই ভুয়া তথ্যগুলা বাংলাদেশের কোন জায়গায় বসে তৈরি করা হইছে এবং গত দুই মাস এই একই ভাঙ্গা রেকর্ড কেনো বাজানো হইছে, এটা আমি এবং আমরা অনেকেই জানি।’
এসময় নুরুল কবীরের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘এই জাদুঘরের উপর আপনার কেনো এতো ক্ষোভ, ভাই? আপনি এই জাদুঘর নিয়ে একটা বিশেষ জায়গায় বসে কাকে কী বলছেন, সেটাও আমরা অনেকে জানি। আমরা আরও অনেক কিছুই জানি, যেটা এই মুহূর্তে বলছি না।’
পোস্টের শেষে ফারুকী লেখেন, ‘প্রিয় কবীর ভাই, এই জাদুঘর ওপেন হবেই। কারণ এটা বাংলাদেশের হৃদপিণ্ড।’
সময়ের আলো/ইউএমএইচ