প্রাকৃতিক দুর্যোগ মানবজীবনের এক অনিবার্য বাস্তবতা। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ড- যে দুর্যোগই আসুক না কেন এর সবচেয়ে বড় আঘাত পড়ে সাধারণ মানুষের ওপর। মুহূর্তের মধ্যে বহু মানুষ ঘরবাড়ি, সহায়-সম্বল, জীবিকা এমনকি আপনজনও হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। এমন কঠিন সময়ে ইসলাম শুধু সমবেদনা জানাতে বলেনি; বরং দান-সদকা, সহযোগিতা এবং মানবসেবাকে ঈমানের অপরিহার্য দাবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একজন মুমিনের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তখনই, যখন তিনি নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি পেরিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো’ (সুরা আল-মায়েদা : ২)। এই আয়াত শুধু একটি নৈতিক আহ্বান নয়; বরং একটি পূর্ণাঙ্গ সামাজিক নীতিমালা। দুর্যোগের সময় এই নির্দেশনার বাস্তব প্রয়োগ আরও বেশি জরুরি হয়ে ওঠে। কারণ তখন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হয় পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও উদারতা।
দান-সদকা ইসলামে শুধু একটি অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো, যা থেকে সাতটি শিষ উৎপন্ন হয় এবং প্রতিটি শিষে থাকে একশ দানা। আল্লাহ যাকে ইচ্ছা আরও বহুগুণ বাড়িয়ে দেন’ (সুরা আল-বাকারা : ২৬১)। দুর্যোগের সময় মানুষের কষ্ট লাঘবে যে সম্পদ ব্যয় করা হয় তা আল্লাহর কাছে বহুগুণ প্রতিদান লাভের আশা জাগায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দান সম্পদ কমায় না’ (সহিহ মুসলিম)। বাহ্যিকভাবে মনে হতে পারে দান করলে সম্পদ কমে যায়। কিন্তু ইসলামের শিক্ষা হলো আল্লাহ তায়ালা দানকারীর সম্পদে বরকত দান করেন, তার রিজিকের পথ সহজ করে দেন এবং দুনিয়া ও আখেরাতে তাকে সম্মানিত করেন। তাই দুর্যোগের সময় দান-সদকাকে ব্যয় নয়, বরং চিরস্থায়ী বিনিয়োগ হিসেবে দেখা উচিত।
দুর্যোগে দান-সদকার ক্ষেত্র শুধু অর্থ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, পোশাক, কম্বল, আশ্রয়ের ব্যবস্থা, নৌকা বা যানবাহনের সহায়তা, চিকিৎসাসেবা, স্বেচ্ছাশ্রম- সবই দান ও মানবসেবার অন্তর্ভুক্ত। এমনকি একটি আন্তরিক হাসি, একটি সান্ত্বনামূলক কথা কিংবা বিপদগ্রস্ত মানুষের জন্য আন্তরিক দোয়াও ইসলামের দৃষ্টিতে মূল্যবান আমল। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাঁর বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে’ (সহিহ মুসলিম)। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, আমরা যখন অসহায় মানুষের পাশে দাঁড়াই, তখন প্রকৃতপক্ষে আমরা আল্লাহর বিশেষ সাহায্যের অধিকারী হওয়ার পথ তৈরি করি। ইসলাম দানের ক্ষেত্রে ইখলাস বা একনিষ্ঠতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। মানুষের প্রশংসা, ছবি তোলা, প্রচার কিংবা সামাজিক মর্যাদা অর্জনের জন্য দান করলে সেই দানের প্রকৃত মূল্য নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমাদের দানকে নষ্ট করো না’ (সুরা আল-বাকারা : ২৬৪)। তাই দান এমনভাবে করা উচিত, যাতে সাহায্যগ্রহীতার সম্মান অক্ষুণ্ন থাকে এবং দাতার উদ্দেশ্য হয় কেবল আল্লাহর সন্তুষ্টি।
দুর্যোগের সময় যাদের আর্থিক সামর্থ্য কম, তারা যেন মনে না করেন যে তাদের কিছুই করার নেই। ইসলাম সামর্থ্য অনুযায়ী সহযোগিতার শিক্ষা দেয়। কেউ একবেলা খাবার দিতে পারবেন, কেউ একটি পানির বোতল, কেউ একটি ওষুধের প্যাকেট, কেউ রক্তদান করবেন, কেউ উদ্ধারকাজে অংশ নেবেন, কেউ রান্না করে খাবার পৌঁছে দেবেন। আল্লাহ মানুষের দানের পরিমাণের চেয়ে নিয়ত ও আন্তরিকতাকেই বেশি মূল্যায়ন করেন। সাহাবায়ে কেরামের জীবনেও আমরা দুর্যোগ ও সংকটের সময় আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত দেখি। তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন। কুরআনে আনসারদের প্রশংসা করে আল্লাহ তায়ালা বলেন, ‘তারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও অন্যদের নিজেদের ওপর প্রাধান্য দেয়’ (সুরা আল-হাশর : ৯)। আজকের সমাজেও এই আত্মত্যাগের মানসিকতা অত্যন্ত প্রয়োজন।
দুর্যোগে দান-সদকা কেবল তাৎক্ষণিক কষ্ট দূর করে না; বরং সমাজে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও পারস্পরিক আস্থা সৃষ্টি করে। যখন একজন ক্ষুধার্ত মানুষ খাবার পায়, একটি পরিবার নিরাপদ আশ্রয় পায় বা একজন অসুস্থ ব্যক্তি চিকিৎসা পায়, তখন শুধু একটি জীবনই রক্ষা পায় না; বরং মানুষের হৃদয়ে মানবতার প্রতি বিশ্বাসও দৃঢ় হয়। এভাবেই দান সমাজকে আরও ঐক্যবদ্ধ ও সহমর্মী করে তোলে। তবে দান-সদকার ক্ষেত্রেও শৃঙ্খলা ও পরিকল্পনা জরুরি। যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে সাহায্য পৌঁছে দেওয়া, বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ত্রাণ বিতরণ করা, অপচয় ও বৈষম্য এড়ানো এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দিকেও নজর দেওয়া উচিত। ইসলাম শুধু আবেগ নয়; প্রজ্ঞা ও দায়িত্বশীলতারও শিক্ষা দেয়। আজ আমাদের দেশে প্রায়ই বিভিন্ন অঞ্চলে বন্যা, নদীভাঙন ও অন্যান্য দুর্যোগে মানুষ বিপর্যস্ত হয়। এমন সময় দল-মত, শ্রেণি-পেশা বা ব্যক্তিগত মতভেদের ঊর্ধ্বে উঠে একে অপরের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা। একজন ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া, একটি শিশুর জন্য শুকনো খাবার সংগ্রহ করা, একজন বৃদ্ধের ওষুধের ব্যবস্থা করা কিংবা একটি পরিবারের পুনর্বাসনে সহযোগিতা করা- এসবই এমন আমল যার প্রতিদান আল্লাহ তায়ালা কখনো বিফল করেন না।
মনে রাখতে হবে, দান-সদকা শুধু সম্পদশালীদের দায়িত্ব নয়; এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের কর্তব্য। আজ আমি অন্যের বিপদে পাশে দাঁড়ালে, আগামীকাল আমার বিপদে আল্লাহ অন্য কাউকে আমার জন্য পাঠিয়ে দেবেন- এটাই ইসলামের সৌন্দর্য, এটাই মানবতার প্রকৃত শিক্ষা। আসুন, দুর্যোগের এই সময়ে আমরা কৃপণতা নয়, উদারতাকে বেছে নিই; উদাসীনতা নয়, সহমর্মিতাকে ধারণ করি। আমাদের দান-সদকা, দোয়া ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে যেন একজন অসহায় মানুষের চোখের অশ্রু মুছে যায়। আল্লাহ তায়ালা আমাদের সম্পদে বরকত দান করুন, দানকে কবুল করুন এবং আমাদের এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যারা মানুষের বিপদে সর্বাগ্রে এগিয়ে আসে।
লেখক : শিক্ষক, মাদরাসাতুদ দাওয়াহ আশ-শরইয়্যাহ, নারায়ণগঞ্জ
সময়ের আলো/জেডআই