দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ২ জন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৪ হাজার ১০৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৯৪ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সময়ের আলো/আরবিএন