বিচার বিভাগকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সাথে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো সংস্কার প্রস্তাবগুলো দ্রুত আইনে পরিণত করারও দাবি জানান তিনি।
শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে সাইফুল হক এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিচার বিভাগে সব ধরনের রাজনীতিকীকরণ বন্ধ করে একটি স্বাধীন, কার্যকর ও নিরপেক্ষ বিচারব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
বিগত সময়ে বিরোধী দলগুলো নানা ধরনের বিচারিক বৈষম্য ও অবিচারের শিকার হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন সাইফুল হক। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক শক্তির উচিত বিচার বিভাগকে এমনভাবে ঢেলে সাজানো, যাতে ক্ষমতার পালাবদলের পর কোনো দলই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। বর্তমান সরকারের উচিত বিচার বিভাগের ওপর থেকে সব ধরনের নিয়ন্ত্রণ প্রত্যাহার করে বিচারকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া।
বক্তব্যের শেষে জুলাই সনদের প্রসঙ্গ তুলে ধরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার যে অঙ্গীকার করেছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক দলগুলো যেসব সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে, সেগুলোকে দ্রুত আইনি রূপ দিয়ে বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান তিনি।
সময়ের আলো/জেডি