প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী কারও পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজনে দফতর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত করতে পারেন।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। ওনার সঙ্গে কথা প্রসঙ্গে আমি বুঝি, প্রধানমন্ত্রীর যদি কখনো মনে হয় কেউ ভালো পারফর্ম করতে পারছেন না; তার জায়গায় দফতর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেওয়ার প্রয়োজন হলে সেটা তিনি করবেন।
সরকারের ১৮০ দিন সামনে রেখে মন্ত্রিসভায় রদবদল হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিও জানি না, আমিও মিডিয়াতে দেখছি। এর বেশি কিছু না। তবে একটা জিনিস গ্রসলি আমরা মনে করতে পারি, এটা সেই পুরোনো কথা, শুধু ১৮০ দিনের কথা বলছি না। বিষয়টা হলো যে, কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম দেখাতে চায়, তিনি যা করেছেন, সঠিক করেছেন। তিনি ভুলের সংশোধনী নিতে পারেন না, কোনো ভুল করতে পারেন না, তার সব ঠিক আছে। এ রকম চিন্তার ফলে তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন না। আমরা এমনটা করতে চাই না।
তিনি আরও বলেন, দিন শেষে আমাদের লক্ষ্য জনগণের কল্যাণ সাধন করা। প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো চয়েজ বা সিদ্ধান্ত আরও বেটার করার সুযোগ যদি থাকে, তিনি সেটা করবেন। এটা এখন ১৮০ দিনের (সরকারের ১৮০ দিন) পরপর হবে, নাকি তার চেয়ে একটু সময় লাগবে, সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না।
সময়ের আলো/কেএইচও