দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ‘সংসদ চলো’ মিছিল ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় এক ২০ বছর বয়সী তরুণী গুরুতর আহত হয়ে রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জের সময় ব্যারিকেডের সঙ্গে ধাক্কা লেগে ওই তরুণী আহত হন। সোমবারের এ সংঘর্ষে প্রায় ৯০ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে ৭৯ জনকে চিকিৎসা শেষে মঙ্গলবার (২১ জুলাই) সকালের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের এই আন্দোলন কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো দিল্লিতে। বিতর্কিত ‘নিট-ইউজি ২০২৬’ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই মূলত এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও লেডি হার্ডিঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তাদের দ্রুত আরোগ্য নিয়ে আলোচনা করেন। এর আগে সোমবার রাতে সিজেপির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী নাড্ডার সঙ্গে বৈঠক করে। বৈঠকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা তিনটি প্রধান দাবি জানান: ১. পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে শর্তহীন মুক্তি দিতে হবে; ২. শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সুনিশ্চিত করতে হবে; ৩. প্রশ্ন ফাঁসের জেরে আত্মহত্যাকারী নিট পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন, সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং তাদের লিখিত স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। তিনি আন্দোলনকারীদের যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করার আবেদন জানান।
দিল্লি পুলিশ জানিয়েছে, সহিংসতায় ১১৮ জনেরও বেশি পুলিশ সদস্য ও অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। সংঘর্ষের সময় আন্দোলনকারীরা উগ্র আচরণ করে পুলিশের ২০টিরও বেশি গাড়ি ভাঙচুর করেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
সোমবারের সহিংস সংঘর্ষ ও পুলিশের তাঁবু উপড়ে ফেলার পরও মঙ্গলবার সকালে ফের যন্তর মন্তরে জড়ো হন আন্দোলনকারীরা। নতুন করে উত্তেজনা এড়াতে পুরো এলাকায় র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাজনৈতিক ময়দান আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে ১০ রাজাজি মার্গ থেকে প্রধানমন্ত্রীর ৭ লোক কল্যাণ মার্গ বাসভবনের অভিমুখে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়।
সূত্র: এনডিটিভি
সময়ের আলো/কহু