গাজীপুর সদর মেট্রো থানার গারদখানা থেকে পুলিশের হেফাজত ভেঙে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামিকে পুনরায় গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের যৌথ দল। ময়মনসিংহে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে ফের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৯ জুলাই) রাতে গাজীপুর নগরীর বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে (২৫) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের একাধিক থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। পরদিন সোমবার (২০ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতিকালে গারদখানায় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায় সে।
আসামি পলায়নের পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন ইউনিট, সদর মেট্রো থানা পুলিশ ও র্যাব যৌথভাবে সমন্বিত অভিযান শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ এলাকা থেকে সম্রাটকে আবার গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পলায়নের ঘটনায় সম্রাটের বিরুদ্ধে থানায় নতুন করে মামলা করা হয়েছে। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। তাৎক্ষণিকভাবে র্যাব ও জিএমপির বিভিন্ন ইউনিটকে সমন্বিত অভিযানের নির্দেশ দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার ও দ্রুত তৎপরতার কারণেই ৯ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জিএমপি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।
সময়ের আলো/জোই