সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন নিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত ভিড়ের কথা তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বদলির তদবির করতে শিক্ষকরা এত বেশি আসেন যে, তিনি ও প্রতিমন্ত্রী অনেক সময় নিজেদের অফিস কক্ষেও সহজে প্রবেশ করতে পারেন না। একই সঙ্গে অধিকাংশ শিক্ষকই ঢাকায় বদলি হতে আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই মিলনায়তনে ‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বদলির তদবির নিয়ে শিক্ষকরা এত বেশি ভিড় করেন যে, আমি এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আমাদের অফিস রুমে ঢুকতেই পারি না।’
প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষকই ঢাকায় বদলি হতে চান। তাদের বক্তব্য শুনলে মনে হয়, দেশের সব বিদ্যালয়ই যেন রাজধানীতেই অবস্থিত। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছে।
সময়ের আলো/এসএকে