নারীদের চলাফেরা, পোশাক এবং শালীনতা রক্ষা নিয়ে দেওয়া সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি পুরনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তিনি নারীদের শালীন পোশাক পরার, মাথায় পর্দা রাখা এবং দূরবর্তী কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রে রক্তের সম্পর্কের কাউকে সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন।
সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘মেয়েরা শালীনভাবে চলবে। মাথার যে কাপড়টা, একটা পর্দা মাথার ওপরে রাখবে। আমরা চাই মেয়েরা শালীনভাবে চলুক, যাতে করে তাদের শরীরটা বাইরে বের না হয়।’
নারীদের কর্মসংস্থান ও ঘরের বাইরের কার্যক্রম প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও যুক্ত করেন, ‘মেয়েরা সব কাজ করতে পারবে। তবে মেয়েরা একটু দূরে গেলে রক্তের সম্পর্কের কাউকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। একা চলাটা ঠিকও না। রক্তের সম্পর্কের পুরুষ হলে ভালো, তবে মেয়ে হলেও সমস্যা নেই।’
জামায়াত নেতার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর পুরনো এই বক্তব্য নেটিজেনদের মধ্যে নতুন করে নানামুখী সমালোচনার জন্ম দিয়েছে।
সময়ের আলো/জেডি