চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় হালদা নদী থেকে একটি দেহবিহীন মানবহাত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) স্থানীয় কয়েকজন নদীর তীরে হাতটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে। তারপর ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাতটি নারী না পুরুষের, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। হাতটি কতদিন আগে নদীতে এসেছে এবং এটি কোনো হত্যাকাণ্ড বা দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভূজপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিচ্ছিন্ন হাতটির পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আশপাশের থানাগুলোতে সাম্প্রতিক সময়ে নিখোঁজ ব্যক্তিদের তথ্যও যাচাই করা হচ্ছে। একইসঙ্গে হালদা নদী ও আশপাশের এলাকায় আরও কোনো দেহাবশেষ রয়েছে কি না, সেটিও অনুসন্ধান করা হচ্ছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘ময়নাতদন্ত, ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য আলামত বিশ্লেষণের পরই বিচ্ছিন্ন হাতটির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’
সময়ের আলো/মহু