জিম্বাবুয়ে সফরের শুরুটা ছিল হতাশায় মোড়া। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচে পরাজয়ে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে সিরিজ জিতে সফর শেষ করে টাইগাররা। সেই ঘুরে দাঁড়ানোর বড় নায়ক ছিলেন তানজিদ হাসান তামিম। টানা দুই ফিফটি, ম্যাচ ও সিরিজসেরার পুরস্কারের পর এবার আইসিসির সবশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও মিলেছে তার পারফরম্যান্সের স্বীকৃতি। সাত ধাপ এগিয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখন শীর্ষস্থানটি নিজের করে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। একই সঙ্গে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও অর্জন করেছেন তিনি।
বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তানজিদ। যদিও তার ক্যারিয়ারসেরা অবস্থান ১৭তম, যেখানে তিনি উঠেছিলেন ২০২৫ সালের অক্টোবরে। তবে এবার রেটিং পয়েন্টে নিজেকেই ছাড়িয়ে গেছেন তিনি। বর্তমানে তার রেটিং ৬৪৯, যা আগের সেরা ৬৩৬ পয়েন্টকে ছাড়িয়ে গেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৮ রান করে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তানজিদ। এরপর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৬৬ রানে অপরাজিত থেকে দলকে চার উইকেটের জয় এনে দেন। সেই ইনিংসের সুবাদে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের ইনিংস খেলে নয় ধাপ এগিয়ে তিনি এখন ২৭তম স্থানে। বাংলাদেশের অন্য কোনো ব্যাটারের অবস্থানে পরিবর্তন আসেনি।
বোলারদের তালিকায়ও উন্নতি হয়েছে বাংলাদেশের দুই স্পিনারের। তিন ম্যাচে চার উইকেট নেওয়া শেখ মেহেদি হাসান চার ধাপ এগিয়ে এখন ১৯ নম্বরে। দ্বিতীয় ম্যাচে চার উইকেটসহ সিরিজে মোট পাঁচ উইকেট নেওয়া লেগস্পিনার রিশাদ হোসেন আট ধাপ এগিয়ে যৌথভাবে ২৫তম স্থানে উঠে এসেছেন। মজার বিষয়, সিরিজে একটি উইকেট না পেলেও অন্যদের অবনতির কারণে নয় ধাপ এগিয়ে ৬৯তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের ইশান কিষান। বোলারদের তালিকার এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
এদিকে ইংল্যান্ড-ভারত এবং নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পারফরম্যান্সও জায়গা পেয়েছে আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে। ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে অপরাজিত ৭৬, ৯৯ ও ৭৪ রান করে চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন জো রুট। ২০২০ সালের পর আবারও ওয়ানডের শীর্ষ দশে ফিরলেন এই ইংলিশ ব্যাটিং তারকা।
সিরিজের শেষ ম্যাচে লর্ডসে রেকর্ড ১৪১ রানের ইনিংস খেলে ১১ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠেছেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। একই ম্যাচে ১৩৮ রান করা ভারতের রোহিত শর্মাও র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি করেছেন। তার রেটিং এখন ৭৫৮, যা তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলির (৭৬৭) খুব কাছাকাছি। আর শীর্ষে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের (৮০২) ঘাড়ে নিশ্বাস ফেলছেন ভারতের শুভমান গিল, যার রেটিং এখন ৮০১।
ওয়ানডে বোলারদের তালিকায় সাত ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি। ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে আছেন আলজারি জোসেফ। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার তিন ধাপ এগিয়ে এখন চতুর্থ, আর ইংল্যান্ডের জফরা আর্চার এক ধাপ উন্নতি করে তৃতীয় স্থানে উঠেছেন। তালিকার শীর্ষ দুই স্থান আগের মতোই ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান ও পাকিস্তানের আবরার আহমেদ।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শীর্ষ দুইয়ে কোনো পরিবর্তন হয়নি। এক নম্বরে আছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই, দ্বিতীয় স্থানে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।
সময়ের আলো/আরবিএন