ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সম্প্রতি একটি ভিডিও নেটদুনিয়ায় আলোড়ন তুলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ধূসর রঙের একটি হুডি পরে, দুই হাত প্রসারিত করে একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। মুম্বাইয়ের বিক্ষোভের সবচেয়ে আলোচিত দৃশ্যগুলোর একটি হয়ে উঠেছে এটি। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে অনুষ্ঠিত এই আন্দোলন ছিল নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে।
২৭ বছর বয়সী তরুণ মডেল রিয়া আহির। তিনি সেদিন দাদারের কোহিনূর স্কয়ার থেকে শিবাজি পার্কের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখেন, বিক্ষোভকারীদের আচমকা সরিয়ে নেওয়া হচ্ছে। তাই তিনি দৌড়ে গিয়ে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে সেটি থামান।
দিল্লিতে সিজেপির 'সংসদ চলো' কর্মসূচির সমর্থনে মুম্বাইতেও তরুণ বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছিলেন। তাদের অভিযোগ ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ অযৌক্তিক ব্যবস্থা নিচ্ছে।
রিয়া আহির কে?
রিয়া আহির একজন ২৭ বছর বয়সী মডেল। তিনি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় আসেন, কারণ তিনি দেখেছিলেন বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তার মতে, তাদেরকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছিল।
ইনস্টাগ্রামে রিয়ার প্রায় এক লাখ অনুসারী (ফলোয়ার) রয়েছে। তিনি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। তার সর্বশেষ কাজ ছিল 'দিলবারা' গানটির মিউজিক ভিডিওতে।
তিনি বলেন, আমি নিজেকে থামাতে পারিনি। তাদের স্লোগান আমাকে টেনে নিয়ে গিয়েছিল। আমি ভাবলাম, যদি আমি এই আন্দোলনে যোগ দিই, তাহলে সেটি এখান থেকেই শুরু হবে। তারা মানুষগুলোকে নিয়ে যাচ্ছে, আর আমি সেটা হতে দিতে পারি না।
রিয়ার দাবি, পুলিশ তাকে বলেছিল, কিছু দূরে গিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু তিনি সেই ব্যাখ্যা মেনে নেননি।
তিনি বলেন, ওরা কিছুই বলেনি। কারণ ওরা জানত, ওরা ভুল করছে।
"ভেতরে ভেতরে আমি কাঁপছিলাম"
ভিডিওতে তাকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও রিয়া জানান, পুরো সময়টাতেই তিনি ভয় পাচ্ছিলেন।
তার ভাষায়, আমি যখন পুলিশের মুখোমুখি হই, তখন ভেতরে ভেতরে কাঁপছিলাম।
তবুও তিনি সরে যাননি।
তিনি বলেন, আমি জানতাম, আমি যা করছি তা সঠিক।
রিয়ার অভিযোগ, পুলিশ প্রথমে ভ্যানটি সামান্য এগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।
তিনি বলেন, ওরা একটু গতি বাড়িয়েছিল, কিন্তু আমি একটুও নড়িনি।
তিনি ভ্যানের সামনে দাঁড়িয়েই ছিলেন, যতক্ষণ না আটক বিক্ষোভকারীদের মুক্তি দেওয়া হয়।
আন্দোলনের আগে কী বলেছিলেন?
১৬ ঘণ্টা আগে পোস্ট করা একটি ভিডিওতে রিয়া বলেন, "প্রধানমন্ত্রীকে ডাকার জন্য শান্তিপূর্ণ মিছিল করতে হবে—এটা যেন ১৯৪৭ সালের মতো কথা! যদি প্রধানমন্ত্রীকে ডাকতেই হয়, তাহলে একটা বিশাল ভারতীয় বিয়ের আয়োজন করলেই তো হয়।"
বুধবার প্রকাশিত তার আরেকটি ভিডিওতে তিনি আন্দোলনে যাওয়ার আগে নিজের পোশাক ও প্রস্তুতি সম্পর্কে বলেন।
তিনি জানান, সম্ভাব্য সংঘর্ষের কথা মাথায় রেখেই তিনি পোশাক বেছে নিয়েছেন। নিজের টুপি দেখিয়ে তিনি বলেন, "এটা একটা টুপি। যদি মাথায় লাঠির আঘাত লাগে, তাহলে অন্তত এটা কিছুটা সুরক্ষা দেবে।"
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভ
১৮ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন ঘিরে মুম্বাই পুলিশ ১৩টি এফআইআর দায়ের করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেআইনি সমাবেশ এবং নিষেধাজ্ঞা অমান্য করা। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শিবাজি পার্ক, চৈত্যভূমি, চেম্বুর এবং শিবসেনা ভবনসহ মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়াই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া, ২৩ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত মুম্বাইজুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ে জনসমক্ষে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকবে।
সময়ের আলো/ইউএমএইচ