ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সংক্রান্ত গণমাধ্যমের দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এমন খবরকে ‘কল্পনার বাইরে’ বলে অভিহিত করেছেন তিনি।
বুধবার (২২ জুলাই) থেকে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে নানা গুঞ্জন আলোচনায় আসে। বিভিন্ন গণমাধ্যমের দাবিতে বলা হয়, চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এমন ঘটনার জেরে সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে এবং দু-এক দিনের মধ্যেই রাষ্ট্রপতি পদ ছাড়তে পারেন— এমন দাবিও করা হয়।
তবে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এক সংবাদমাধ্যমকে দেওয়া হোয়াটসঅ্যাপ বার্তায় এসব দাবি সরাসরি নাকচ করে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি স্পষ্ট জানান, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই এবং এটি পুরোপুরি কল্পনার বাইরে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করার পর থেকেই রাষ্ট্রপতির পদ পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। তবে সে সময় সরকারের পক্ষ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিটি রাষ্ট্রীয় অনুষ্ঠানেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নতুন করে ঘনীভূত হয়। একই সঙ্গে বিএনপি পরবর্তীতে কাকে নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন হিসাব-নিকাশ শুরু হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা নেই। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে।
সময়ের আলো/জেডি