প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২৭ পিএম
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি কমানোর সুবিধা পাওয়া যাবে।
সোমবার (১৬ নভেম্বর) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএফসি।
সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে কাজ করছে তারা। বাংলাদেশের এ স্বীকৃতি দেশের বড় অর্থনৈতিক চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি করবে।
ডিএফসির মতে, তাদের অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণে সহায়ক হবে। পাশাপাশি অর্থের অভাবে বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়া উন্নয়ন প্রকল্পগুলোও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের ডিএফসি অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণেও এটি ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র।
তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি দুই দেশের সহযোগিতার প্রতিফলন। ডিএফসির অর্থায়ন এ প্রক্রিয়াকে আরও গতিশীল করতে পারে, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ের সমৃদ্ধিতে অবদান রাখবে।
উল্লেখ্য, ডিএফসি বেসরকারি বিনিয়োগ সংগ্রহের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে থাকে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়া এবং অংশীদার দেশগুলোর সরবরাহব্যবস্থা শক্তিশালী করাও সংস্থাটির অন্যতম লক্ষ্য।
সময়ের আলো/ইউএমএইচ