হজ ও ওমরাহ পালনকারীদের ইবাদত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে নতুন এক স্মার্ট সেবা চালু করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষ। এই ইলেকট্রনিক সেবার মাধ্যমে এখন মসজিদুল হারামের তওয়াফ এলাকা (মাতাফ) এবং সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈ এলাকার ভিড়ের পরিস্থিতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যাবে।
নতুন এই ব্যবস্থার ফলে মুসল্লি ও ওমরাহ পালনকারীরা মুহূর্তেই জানতে পারবেন মাতাফ ও সাঈ এলাকায় কোথায় ভিড় বেশি এবং কোথায় তুলনামূলক কম। এর ভিত্তিতে তারা সহজেই কম ভিড়ের পথ বেছে নিয়ে আরও স্বাচ্ছন্দ্যে তওয়াফ ও সাঈ সম্পন্ন করতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেবাটিতে রিয়েল-টাইম ঘনত্বের সূচকের পাশাপাশি স্মার্ট নির্দেশনাও যুক্ত করা হয়েছে। এসব নির্দেশনা দর্শনার্থীদের উপযুক্ত সময় ও পথ নির্বাচন করতে সহায়তা করবে। ফলে ভিড় নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং মসজিদুল হারামে আগত লাখো মুসল্লির জন্য সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
এ সেবা ব্যবহারের জন্য দর্শনার্থীদের কুইক রেসপন্স (কিউআর) কোড স্ক্যান করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কিউআর কোডের মাধ্যমে সবশেষ হালনাগাদ তথ্য পাওয়া যাবে, যা মসজিদের অভ্যন্তরে চলাচলকে আরও নির্বিঘ্ন করবে এবং তওয়াফ ও সাঈ পালনের অভিজ্ঞতাকে আরামদায়ক ও সুশৃঙ্খল করে তুলবে।
সময়ের আলো/আআ