এক দিনের সময় চেয়েছে ভারত সরকার, অনড় সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে চলমান বিক্ষোভে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, অথবা সরকারকে তাকে বরখাস্ত করতে হবে— কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক

2026-07-24T16:47:09+00:00
2026-07-24T17:18:26+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি
এক দিনের সময় চেয়েছে ভারত সরকার, অনড় সিজেপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৪৭ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৫:১৮ পিএম
কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে ককরোচ জনতা পার্টি। সংগৃহীত ছবি
ভারতে চলমান বিক্ষোভে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, অথবা সরকারকে তাকে বরখাস্ত করতে হবে— কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে এমনই জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি স্পষ্ট করেছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্রদের আন্দোলন চলবে। 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত বৈঠকের পর সিজেপি জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে কেন্দ্র শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। 

সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রানকা।

আশুতোষ রানকা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সরকার আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করছি সরকার দ্রুত তাকে অপসারণ করবে। পাশাপাশি আত্মহত্যাকারী নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও মামলাগুলো প্রত্যাহারের দাবিতে সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে। 

আন্দোলন নিয়ে সমঝোতা

সরকার শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং সাম্প্রতিক পরীক্ষা-অনিয়মে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়ার পরই সিজেপি আলোচনায় বসতে রাজি হয়। 

সরকারের বক্তব্য 

বৈঠক শেষে জে.পি. নাড্ডা বলেন, বৈঠক প্রায় দুই ঘণ্টা চলেছে। তাদের তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা সংস্কার নিয়ে পাঁচটি প্রস্তাব রয়েছে। আমরা জানিয়েছি, আগামীকাল দুপুরে আবার বৈঠক হবে এবং সরকারের অভ্যন্তরীণ আলোচনার ফল তাদের জানানো হবে। 

সোনম ওয়াংচুকের অনশন প্রসঙ্গ

এই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই সমাজকর্মী সোনম ওয়াংচুক সরকারের আশ্বাসের ভিত্তিতে ২৬ দিনের অনশন ভঙ্গ করেন। তিনি জানান, শুধু মৌখিক আশ্বাসে সন্তুষ্ট না হয়ে লিখিত প্রতিশ্রুতি চাওয়ায় অনশন শেষ করতে দুই দিন অতিরিক্ত সময় লেগেছে।

সিজেপির অবস্থান

বৈঠকের আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, সরকার যদি এই আন্দোলনের সমাধান চায়, তাহলে একমাত্র উপায় হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। 

কেন্দ্র ও সিজেপির মধ্যে প্রথম দফার বৈঠক হয়েছিল ২০ জুলাই, যখন দলের দুই মুখপাত্র জে.পি. নাড্ডার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে তারা অভিযোগ করেন, বৈঠকের সময় তাদের "প্রায় গৃহবন্দি" করে রাখা হয়েছিল। তাই ভবিষ্যতে সরকারের সঙ্গে সব আলোচনা নিরপেক্ষ স্থানে করার দাবি জানান।


প্রধানমন্ত্রীর ঘোষণা

বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, সরকার পরীক্ষা-সংক্রান্ত অপরাধের দ্রুত বিচার ও কঠোর শাস্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের লক্ষ্যে একটি খসড়া আইন মন্ত্রিসভায় উপস্থাপন করবে।

তিনি বলেন, আমি সংশ্লিষ্ট দফতরগুলোকে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দিয়েছি। 

শিক্ষা মন্ত্রণালয়ে রদবদল

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কেন্দ্র সরকার উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করেছে এবং স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে।

উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই বোর্ড পরীক্ষার মূল্যায়নে অনিয়মের অভিযোগ ঘিরে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ভারত  ধর্মেন্দ্র প্রধান  সিজেপি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: