ভারতে ছাত্র আন্দোলনের মধ্যে এনটিএর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং দেশজুড়ে চলমান ছাত্র আন্দোলনের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-তে বড় ধরনের রদবদল শুরু করেছে কেন্দ্র

2026-07-24T22:37:19+00:00
2026-07-24T22:37:55+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতে ছাত্র আন্দোলনের মধ্যে এনটিএর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৩৭ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১০:৩৭ পিএম
শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, অধিকারকর্মী ও বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ছবি : হিন্দুস্তান টাইমস
ভারতে প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং দেশজুড়ে চলমান ছাত্র আন্দোলনের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-তে বড় ধরনের রদবদল শুরু করেছে কেন্দ্র সরকার। সংস্থাটির ৪৭ জন কর্মকর্তা ও কর্মীর চাকরি বাতিল (বরখাস্ত) করা হয়েছে। সরকারের দাবি, এনটিএর কার্যক্রমে ব্যাপক সংস্কার আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুধু বরখাস্তই নয়, সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো, যখন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। 

এনটিএতে জনবল সংকট

গত ২২ জুলাই রাজ্যসভায় শিক্ষা মন্ত্রণালয় জানায়, এনটিএতে অনুমোদিত ৩৯টি স্থায়ী পদের বিপরীতে বর্তমানে মাত্র ২৪ জন স্থায়ী কর্মী কর্মরত রয়েছেন। এছাড়া সংস্থাটি ৭৩ জন চুক্তিভিত্তিক কর্মী এবং ১২৪ জন আউটসোর্সিং কর্মীর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

আয় বেড়েছে দ্বিগুণের বেশি

সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে এনটিএর আর্থিক পরিসর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০১৯-২০ অর্থবছরে সংস্থাটির আয় ছিল ৫০৪ কোটি ১৬ লাখ রুপি। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে হয়েছে ১,১১৬ কোটি ৮৪ লাখ রুপি, যা প্রায় ১২১.৫ শতাংশ বেড়েছে।

একই সময়ে এনটিএর ব্যয় ৪৪০ কোটি ২০ লাখ রুপি থেকে বেড়ে ১,০৪০ কোটি ৯৬ লাখ রুপিতে পৌঁছেছে, যা ১৩৬.৫ শতাংশ বেড়েছে।

প্রশ্নপত্র ফাঁসে আরও কঠোর আইন আনছে সরকার

এদিকে, প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

প্রস্তাবিত আইনে—

প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে।

সংঘবদ্ধ চক্রের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানা করা যাবে।

বর্তমান আইনে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড এবং সংঘবদ্ধ চক্রের ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড ও ন্যূনতম ১ কোটি রুপি জরিমানার বিধান রয়েছে।

পরীক্ষার্থীদের শাস্তি নয়, টার্গেট সংগঠিত চক্র

সরকারের দাবি, নতুন সংশোধনের উদ্দেশ্য প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্র ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে নিশ্চিত করা হবে, সাধারণ পরীক্ষার্থীরা যেন এই আইনের আওতায় অযথা শাস্তির মুখে না পড়েন।

বর্তমানে এই আইন ইউপিএসসি, এসএসসি, নিট, জেইই, সিইউইটি-সহ বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, সংগঠিত জালিয়াতি এবং অসাধু উপায়ে পরীক্ষা পরিচালনা রোধে প্রয়োগ করা হয়।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ভারত  ছাত্র আন্দোলন  কর্মকর্তা  বরখাস্ত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: