ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি, দুর্নীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।শনিবার (২৪ অক্টোবর)

2026-10-25T13:18:06+00:00
2026-10-25T13:19:01+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করলেন ওবামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:১৮ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১:১৯ পিএম
বারাক ওবামা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি, দুর্নীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

শনিবার (২৪ অক্টোবর) ওহাইওতে ডেমোক্র্যাটিক প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি ট্রাম্পের বিরুদ্ধে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরুর অভিযোগ তোলেন এবং রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

এই ডেমোক্র্যাট নেতা বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট পরপর বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়াকে বেছে নিয়েছেন।’ ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের দিকে ইঙ্গিত করে ওবামা আরও যোগ করেন, ‘সবচেয়ে বড় কথা, তিনি একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়েছেন, যা কেউ চায়নি।’

ওহাইওর বাসিন্দাদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, “আধুনিক যুগে এমন বিশৃঙ্খলা, নির্মমতা, দুর্নীতি আর অক্ষমতা আমরা কখনোই দেখিনি। টানা দুই বছরের এমন পরিস্থিতির পর এখন আপনাদের বলার সুযোগ এসেছে—‘আর না, এবার থামুন’।”


ওহাইওর গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর এক সাম্প্রতিক আক্রমণাত্মক বিজ্ঞাপন বিতর্ক নিয়েও কথা বলেন সাবেক এই প্রেসিডেন্ট।

রামাস্বামীর সমালোচনা করে ওবামা বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আমরা দেখেছি, রাজনীতিতে তিনি পার হননি এমন কোনো সীমা নেই, নামেননি এমন কোনো নিচু পর্যায়ও নেই। আমাদের আচরণের মানদণ্ড কতটা নিচে নেমে গেছে যে একজন ব্যক্তি এমন একটি বিজ্ঞাপন চালাতে পারে, তা আমার বোধগম্য নয়।’

বিতর্কিত ওই বিজ্ঞাপনে অ্যাকটনের মা ডোনা আর্থার দাবি করেন, শৈশবে তার মেয়ের গৃহহীন হয়ে পড়া এবং সৎবাবার হাতে যৌন নির্যাতনের যে গল্প অ্যাকটন বলে আসছেন, তা ভিত্তিহীন। পাশাপাশি তিনি ওহাইওবাসীকে তার মেয়েকে ভোট না দেওয়ার আকুল আহ্বান জানান।

তবে অ্যাকটন জানান, ১৯৭৮ সালের পর থেকে নিজের মায়ের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই। শৈশবে সৎবাবার হাতে অ্যাকটনের যৌন নির্যাতনের শিকার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন তার ভাইও। ২০০৪ সালে মারা যাওয়া সেই সৎবাবার বিরুদ্ধে সে সময় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল।

অ্যাকটনের পাশে দাঁড়িয়ে ওবামা বলেন, ‘নিজের বেদনাদায়ক শৈশব এবং যে অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে তিনি গেছেন- যেমন নির্যাতন, অবহেলা ও গৃহহীনতা- সেসব নিয়ে অত্যন্ত আবেগঘন ও সাবলীলভাবে কথা বলেছেন অ্যামি।’

প্রচারণামঞ্চে সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে অ্যাকটন ছাড়াও উপস্থিত ছিলেন ওহাইওর সাবেক ডেমোক্র্যাটিক সেনেটর শেরড ব্রাউন। তিনি বর্তমান রিপাবলিকান সেনেটর জন হাস্টেডের বিরুদ্ধে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে নেমেছেন। জনমত জরিপগুলোতে ওহাইওর দুটি আসনেই ডেমোক্র্যাট প্রার্থীরা সামান্য এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ট্রাম্প  প্রশাসন  সমালোচনা  বারাক ওবামা  নির্বাচন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: