প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৪৩ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ৯:৪৬ এএম
হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববার (২৫ অক্টোবর) থেকে বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় শুরুর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই বিমানবন্দরটিকে আবারও সামরিক নিশানায় রাখার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের এটি ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন।
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, অভ্যন্তরীণ ফ্লাইট চলবে টার্মিনাল ১ থেকে। আর সৌদি জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে টার্মিনাল ২ থেকে।
গত ১০ অক্টোবর হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল হুথিরা। এতে ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। গত এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। পরে বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হয়।
এদিকে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুথিরা। এসব হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের ওপর চাপ বাড়াতে চায় গোষ্ঠীটি।
অন্যদিকে, লোহিত সাগরের উপকূলীয় এলাকায় হুথিদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু ভূখণ্ড দখলের পর গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সৌদি আরব। এ ক্ষেত্রে ইয়েমেনের সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি হুথিদের অবস্থান লক্ষ্য করেও হামলা চালাচ্ছে দেশটি।
সূত্র : রয়টার্স
সময়ের আলো/এমকে