সার্বিয়ার নির্বাচনে জেন-জি নেতৃত্বাধীন দলের ভূমিধস জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনের কাছে পরাজয় স্বীকার করেছেন দেশটির দীর্ঘদিনের প্রভাবশালী নেতা আলেক্সান্দার ভুচিচ। প্রাথমিক ফল অনুযায়ী, ২৫০ আসনের পার্লামেন্টে

2026-10-26T09:53:29+00:00
2026-10-26T10:15:56+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সার্বিয়ার নির্বাচনে জেন-জি নেতৃত্বাধীন দলের ভূমিধস জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ এএম  আপডেট: ২৬.১০.২০২৬ ১০:১৫ এএম
জেন-জি শিক্ষার্থীদের ভূমিধস জয়ের আনন্দ। ছবি : রয়টার্স
সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনের কাছে পরাজয় স্বীকার করেছেন দেশটির দীর্ঘদিনের প্রভাবশালী নেতা আলেক্সান্দার ভুচিচ। প্রাথমিক ফল অনুযায়ী, ২৫০ আসনের পার্লামেন্টে শিক্ষার্থীদের সমর্থিত ‘স্টুডেন্ট লিস্ট’ ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে, ভুচিচের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) পেতে পারে ১০৫টি আসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পপুলিস্ট ও জাতীয়তাবাদী নেতা ভুচিচ ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হিসেবে সার্বিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছিলেন। তবে, ২০২৪ সালে দেশটির নোভি সাদ শহরে রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যুর পর তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। দুর্নীতির অভিযোগ ও কর্তৃত্ববাদী শাসনের প্রতিবাদে প্রায় ২ বছর ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন চলে। এর ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে আগাম নির্বাচনের ঘোষণা দেন ভুচিচ।

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নির্বাচনে পরাজয়ের কথা স্বীকার করেন তিনি। ভুচিচ বলেন, ‘এটি স্পষ্ট, আমরা এ নির্বাচনে হেরে গেছি, স্টুডেন্ট লিস্ট জিতেছে।’ তার এ ঘোষণার পরপরই রাজধানী বেলগ্রেডের রাস্তায় আনন্দ-উল্লাস শুরু হয়। প্রধান সড়কগুলোতে জড়ো হন হাজারো মানুষ। গাড়ির হর্ন, নাচ ও বিজয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে শহর। এ সময় শিক্ষার্থীদের ‘বিজয়’ ও ‘ওর দিন শেষ’ বলে স্লোগান দিতে শোনা যায়।


প্রায় ৬০ লাখ মানুষের দেশ সার্বিয়ায় শিক্ষার্থীদের এ সাফল্যকে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে হাঙ্গেরির ভিক্টর অরবানের পরাজয়ের ঘটনাও এ প্রসঙ্গে সামনে এসেছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার অবনতি ও ভবিষ্যৎ সম্ভাবনার অভাবের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে চলমান শিক্ষার্থী আন্দোলনগুলোর জন্যও সার্বিয়ার এ ফল প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব আন্দোলনের কিছু ক্ষেত্রে সহিংসতার ঘটনাও ঘটেছে।

শিক্ষার্থীদের পক্ষে বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাদোমির সাইচিচ বলেন, ‘প্রিয় সার্বিয়া, আজ রাতে জনগণের কণ্ঠ শোনা যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আজ রাতে আমরা বিজয় উদ্‌যাপন করছি, কাল আমরা ভবিষ্যৎ গড়ব।’

নির্বাচনে জয়ের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এবং সম্প্রসারণবিষয়ক কমিশনার মার্তা কোসসহ ইউরোপের বিভিন্ন নেতা ও কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফন ডার লায়েন লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নে সার্বিয়ার ভবিষ্যৎ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত তারা।

এদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী পেতের মাজারও শিক্ষার্থীদের প্রতি তার দেশের সমর্থনের আশ্বাস দিয়েছেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   সার্বিয়া  নির্বাচন  জেন-জি  শিক্ষার্থী  জয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: