প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৫১ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৫:৫৩ পিএম
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ‘লুকাস’ ড্রোন ভূপাতিত হয়েছে। ছবি : রয়টার্স ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় পরিচালিত প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ড্রোনটি ধ্বংস হয় বলে দাবি করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছিলেন, ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আদলে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামের ড্রোন তৈরি করেছে। পরে সেটিকে মার্কিন সামরিক অস্ত্রভান্ডারে যুক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মুসাভি ইরানের শাহেদ শ্রেণির বিভিন্ন চালকবিহীন আকাশযানের সক্ষমতার কথা তুলে ধরে বলেন, এসব ড্রোন যুদ্ধ পরিচালনা, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের মতো কাজে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষায় দেশীয় প্রযুক্তিতে নির্মিত ড্রোনকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবেও উল্লেখ করেন তিনি।
ইরানের এই সামরিক কর্মকর্তা আরও দাবি করেন, ‘অপারেশন ট্রু প্রমিজ-১’ বা ‘সত্য-ওয়াদা’ অভিযানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহারের ক্ষেত্রে একটি রেকর্ড সৃষ্টি হয়েছিল। ওই অভিযানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিট এসব ড্রোন পরিচালনা করে।
তবে বন্দর আব্বাসে মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ইরানের দাবির স্বাধীন কোনো সত্যতা যাচাইয়ের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সময়ের আলো/ইউএমএইচ