ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানালেও এটিকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শুক্রবার সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় দলটির জাতীয় মুখপাত্র অশুতোষ রাঙ্কা বলেন, বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখতে হবে। শুধু কর্মকর্তাদের বরখাস্ত করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না।
তিনি বলেন, আমরা বারবার একই বিষয় বলছি। এ ঘটনার চূড়ান্ত জবাবদিহি শিক্ষামন্ত্রীর। কারণ প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং নিট প্রশ্নফাঁসের পর শিক্ষার্থীদের আত্মহত্যার জন্য তিনি সরাসরি দায়ী। তাই তাকে পদত্যাগ করতেই হবে।
সিজেপির নেতৃত্বে চলমান আন্দোলনের অন্যতম প্রধান দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
সময়ের আলো/কেএইচ