চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, বি-২ (B-2) চিকিৎসা ভিসার আবেদনকারীদের চিকিৎসা, ভ্রমণ এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণসহ নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে।
শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাসের তথ্য অনুযায়ী, চিকিৎসার উদ্দেশ্যে বি-২ ভিসার আবেদনকারীদের চিকিৎসা-সংক্রান্ত ব্যয়, যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার খরচ এবং সেখানে অবস্থানের সম্পূর্ণ ব্যয় বহনের সামর্থ্যের প্রমাণ উপস্থাপন করতে হবে।
এতে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করেন, যাতে নিশ্চিত হওয়া যায় আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি না হয়।
চিকিৎসা ভিসার জন্য আবেদন করতে হলে নিজ দেশের চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। পাশাপাশি কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, সে বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্রও দাখিল করতে হবে। ওই নথিতে চিকিৎসার সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক ব্যয়ের বিবরণ থাকতে হবে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, যাতায়াত ব্যয় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন বসবাসের খরচ বহনের পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও জমা দিতে হবে।
সময়ের আলো/আরবিএন