প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:১৩ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ৩:১৪ পিএম
বৃক্ষরোপণ করছেন তথ্যমন্ত্রী। ছবি : সময়ের আলো তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বৃক্ষরোপণের কাজটা যেমন চ্যালেঞ্জিং, তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারণে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃক্ষরোপণ করা হবে, সেখানের জনগণকে সম্পৃক্ত করে পরিচর্যার জন্য আমরা আলোচনা করছি।’
সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের দুইপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘প্রকল্পটি যদি সুন্দরভাবে শেষ করতে পারি, তবে জাতি এ বৃক্ষরোপণের সুফল ভোগ করবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সময়ের আলো/মহু