প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীতচট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ের সন্দেহে আশরাফুল ইসলাম (৩৮) নামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে অ্যান্টিভেনম দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলমের সঙ্গে উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকায় তদন্তের কাজে যান আশরাফুল। সেখানে হঠাৎ তার শরীরে সাপের কামড়ের মতো দুটি চিহ্ন দেখতে পান। ওই স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আশরাফুল ইসলাম জানান, পূর্ব চরণদ্বীপ এলাকায় তদন্তের কাজে থাকা অবস্থায় শরীরে কামড়ের মতো দুটি দাগ দেখতে পান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা অজ্ঞাত কামড় (আননোন বাইট) হিসেবে তাকে অ্যান্টিভেনম দেন।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, পূর্ব চরণদ্বীপ এলাকায় তদন্তের কাজে গেলে এ ঘটনা ঘটে। তবে কী সাপে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ জালাল বলেন, ওই পুলিশ কর্মকর্তার শরীরে সাপের কামড়ের মতো দুটি দাঁতের চিহ্ন রয়েছে। তবে কোন সাপে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সময়ের আলো/আতা