শরীয়তপুরের জাজিরায় একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণে সেফটিক ট্যাংক ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ধারণা করছে, সেখানে বিপুল পরিমাণ ককটেল লুকিয়ে রাখা ছিল।
সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আলী উজ্জামাল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান, বাড়ির সেফটিক ট্যাংকটি ফেটে গেছে। এ সময় ট্যাংকের আশপাশে বিস্ফোরকসদৃশ বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে, সেই মুহূর্তে বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাজিরা থানা পুলিশ।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে সেফটিক ট্যাংকের ভেতরে আগে থেকেই বিপুল পরিমাণ ককটেল লুকিয়ে রাখা ছিল। সেগুলো থেকেই বিস্ফোরণ হয়েছে। তবে কীভাবে বা কারা এসব ককটেল সেখানে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ উদ্দিন বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সময়ের আলো/মহু