হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে অভিযোগটি দাখিল করা হয়। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নাহিদ ইসলাম ছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু ও সারোয়ার আলম।
জানা গেছে, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমদ রিংগনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগ দায়ের শেষে নাহিদ ইসলাম জানান, হামলার ঘটনায় তাদের বহরে থাকা একটি গাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল এবং নগদ ৫ লাখ টাকা লুট করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা তাদের এক কর্মীর চোখ উপড়ে ফেলেছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ অনির্দিষ্টকালের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। একই সঙ্গে শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে সারজিস আলম ও নাসির উদ্দীন পাটোয়ারীকে পুলিশি নিরাপত্তায় সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়।
সময়ের আলো/কেএইচও