২০১৫ সালের ৩১ জুলাই রাতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত হয় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কালিরহাটসহ আশপাশের ছিটমহল। দিনটি বৃহত্তর ছিটমহলের মানুষের কাছে তাই স্বাধীনতার প্রতীক। সেই ঐতিহাসিক দিনটির ১১ বছর পূর্তি ও এক যুগে পদার্পণ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজন করেছেন স্থানীয়রা।
দীর্ঘ কয়েক দশক রাষ্ট্রহীন জীবন কাটিয়েছেন এ জনপদের মানুষ। নাগরিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, সড়ক কিংবা প্রশাসনিক সেবার বাইরে ছিল তাদের জীবন। তারপর ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বদলে যায় তাদের ভাগ্য। বাংলাদেশি পরিচয় পেয়ে নতুন জীবনের সূচনা হয় হাজারও মানুষের।
গত ১১ বছরে ছিটমহলে নির্মিত হয়েছে সড়ক, বিদ্যুৎ পৌঁছেছে ঘরে ঘরে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বেড়েছে। ভোটাধিকার, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনসহ সব ধরনের নাগরিক সুবিধা এখন তাদের হাতের নাগালে।
প্রতিবছরের মতো এবারও ৩১ জুলাই রাতে স্বাধীনতার এই দিনটিকে স্মরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা,বাতি প্রজ্জলন, কেক কাটা এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সময়ের আলো/মহু