বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন, মূল আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলার প্রধান আসামি আব্দুস সালামকে

2026-10-29T23:18:07+00:00
2026-10-29T23:18:07+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন, মূল আসামি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:১৮ পিএম 
প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। ছবি : সময়ের আলো
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলার প্রধান আসামি আব্দুস সালামকে (৪৪) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের ফাঁকা পাতা এবং নিয়োগসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়।

রংপুর এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট তৈরি করে প্রতারক চক্রটি নিয়োগ বাণিজ্যের চেষ্টা করেছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছিল। বৃহস্পতিবার একজন গ্রেফতার হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। গ্রেফতার আব্দুস সালাম রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে চাকরিপ্রার্থীরা আবেদন করেন। পরে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে প্রায় ১০০ জন প্রার্থীকে নিয়ে ভুয়া নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। এরপর রাজশাহীতে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এক পর্যায়ে বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে একটি ভুয়া অফিস আদেশ প্রকাশ করা হয়। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে ক্লোন করা ওয়েবসাইটটি বন্ধের উদ্যোগ নিতে কুড়িগ্রাম সদর থানায় একটি জিডি করা হয়। এ ঘটনায় প্রতারণার শিকার চাকরিপ্রার্থীদের একজন রংপুরের পীরগঞ্জ উপজেলার পালুনাশাহাপুর গ্রামের ফরহাদুল ইসলাম মণ্ডল (২৯) বাদী হয়ে গত ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় আব্দুস সালামকে প্রধান আসামি করা হয়। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   বিশ্ববিদ্যালয়  ওয়েবসাইট  ক্লোন  আসামি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: