প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ পিএম
ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ‘সূর্যমুখী যুব উন্নয়ন সংস্থা’র সভাপতি মো. হাফিজুর রহমান। ছবি : সংগৃহীতজয়পুরহাটে ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মিল্টনের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও মারধরের অভিযোগ উঠেছে।
পাঁচবিবি উপজেলার ৩ নম্বর আয়মারসুলপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ‘সূর্যমুখী যুব উন্নয়ন সংস্থা’র সভাপতি মো. হাফিজুর রহমান।
অভিযোগে বলা হয়, হোল্ডিং ট্যাক্স আদায়ের চুক্তি অনুযায়ী সংস্থাটি দুই দফায় ৩ লাখ টাকা জামানত দেয়। গত ৬ অক্টোবর আদায় করা ১ লাখ ১০ হাজার টাকা চেয়ারম্যানের লোকজন জোরপূর্বক নিয়ে যায়। পরদিন হিসাব ও চুক্তিপত্র ফেরত চাইতে গেলে ইউনিয়ন পরিষদের নিচতলায় তাদের অবরুদ্ধ করে মারধর করা হয়। এ সময় জোর করে ফাঁকা কাগজে স্বাক্ষর নেওয়া ও ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ট্যাক্স আদায়ের জন্য সরবরাহ করা রসিদগুলো নিবন্ধনহীন ছিল বলে অভিযোগ করেছেন হাফিজুর রহমান। অভিযোগে সর্বমোট ৪ লাখ ৩২ হাজার টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্থানীয় কয়েকজন ইউপি সদস্যকে এ ঘটনায় সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে মুঠোফোনে চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মিল্টনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সময়ের আলো/এনএন