প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:২৪ পিএম
বোরহান আনিসের চিকিৎসায় দুই লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ছবি : সময়ের আলোকিডনির সমস্যায় আক্রান্ত ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি বোরহান আনিসের চিকিৎসায় দুই লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়। পাশাপাশি তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরকান্দা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। তিনি শামা ওবায়েদের পক্ষ থেকে সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসার জন্য দুই লাখ টাকার অনুদান তুলে দেন। একই সঙ্গে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করে আসা বোরহান আনিস বর্তমানে কিডনির সমস্যায় ভুগছেন। তার চিকিৎসায় আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার উদ্যোগকে মানবিক সহায়তা হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা আশা করছেন, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদ, ‘খোলা চোখ’ পত্রিকার সম্পাদক মাহাবুব আহাদ, বিএনপির সাবেক সহসভাপতি মাহাবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলুসহ প্রেসক্লাবের সাংবাদিকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সাংবাদিক বোরহান আনিসের দ্রুত সুস্থতা কামনা করেন। তার চিকিৎসায় আর্থিক সহায়তার পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাসে পরিবারের সদস্য ও সহকর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
সময়ের আলো/এনএন