প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম
মোবারক হোসেন মোল্লা। ছবি : সংগৃহীতনারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় মোবারক হোসেন মোল্লা (৪৫) নামে এক যুবদল নেতা ও ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার মোটরসাইকেল ভাঙচুর করে সঙ্গে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ৩ নম্বর সেক্টরে নিজের মালিকানাধীন বালুর গদি থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গুতিয়াব এলাকার বকুলের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আহত মোবারক হোসেন মোল্লা রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতি। তিনি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শফি উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা ২০ থেকে ২২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মোবারক হোসেন মোল্লার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা, ছুরি, চাপাতি, লোহার রড ও হকিস্টিক দিয়ে তার মাথা, হাত-পা, বুক ও পিঠে আঘাত করে জখম করে। এ সময় তার মোটরসাইকেলটি ভাঙচুর করে সঙ্গে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
মোবারক হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মোবারক হোসেনের বাবা ও ইউপি সদস্য শফি উদ্দিন মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে গুতিয়াব এলাকার সবুজ মিয়া (৩৮), কাইয়ুম মিয়া (২২), ফাহিম মিয়া (২৩), হাসান জামিল (২০), রহিম মিয়া (২২), নাদিম মিয়া (২৪), মোরছালিন (২২), আতিকুর রহমান (২৪), হৃদয় মিয়া (২১) ও ফারুক মিয়াসহ (৪০) অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এমকে