টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। একই সঙ্গে প্রায় সব ধরনের সবজির দামও বেড়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মাত্র দুই সপ্তাহ আগে ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
পুরান ঢাকার রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
ধুপখোলা বাজারে কেনাকাটা করতে আসা মঈনুল আহসান বলেন, কাঁচা মরিচের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বৃষ্টির অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। বাজারে কার্যকর তদারকি না থাকলে ভোগান্তি আরও বাড়বে।
বাজারে গোল বেগুন প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। করলা, বরবটি ও কাঁকরোলের কেজি ১০০ থেকে ১২০ টাকা। কচুর লতি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।
এ ছাড়া ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শের কেজি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ৪০ টাকা বেশি। আকারভেদে প্রতিটি লাউয়ের দাম ৭০ থেকে ৯০ টাকা।
সবজির মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে শুধু পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। তবে এলাকাভিত্তিক বাজারের তুলনায় কারওয়ান বাজারে কিছুটা কম দামে সবজি পাওয়া যাচ্ছে।
অন্যদিকে নিত্যপণ্যের বাজারেও দাম বেড়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়। প্রতি ডজনে ১০ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সোনালি মুরগির কেজি ১০ টাকা বেড়ে ৩৫০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম ২০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
সময়ের আলো/কেএইচ