দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে নিজেদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরে বাংলা কিউআর পেমেন্ট চালু করেছে গ্রামীণফোন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি)

2026-11-04T11:32:43+00:00
2026-11-04T11:32:43+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
বিজনেস
দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করল গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম 
ছবি : সংগৃহীত
দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে নিজেদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরে বাংলা কিউআর পেমেন্ট চালু করেছে গ্রামীণফোন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চালু হওয়া এ সেবার মাধ্যমে গ্রাহকেরা ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশানে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে এ সুবিধা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত জাতীয় কিউআর পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে একটি নির্দিষ্ট মার্চেন্ট কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সেবাদাতার অ্যাপ থেকে মূল্য পরিশোধ করা যায়। ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় এ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি গ্রাহকদের লেনদেনের বিকল্প বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম চালিকাশক্তি সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবন। সমন্বিত ও দক্ষ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে গ্রামীণফোনের উদ্যোগকে স্বাগত জানান তিনি। আর্থিক সেবা সহজলভ্য করা এবং তরুণদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে অন্য প্রতিষ্ঠানগুলোকেও এ ধরনের উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, এমটিবির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলা কিউআর পেমেন্ট চালু করায় গ্রাহকেরা নগদ টাকা বা খুচরা টাকার অপেক্ষা ছাড়াই ফোনে কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন। এ উদ্যোগ ডিজিটাল পেমেন্টকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, গ্রামীণফোনের বিস্তৃত রিটেইল নেটওয়ার্কের সঙ্গে ব্যাংকটির পেমেন্ট-সংক্রান্ত অভিজ্ঞতা যুক্ত হওয়ায় গ্রাহকদের জন্য স্ক্যান করে মূল্য পরিশোধের সুবিধা আরও সহজ হবে। এর মাধ্যমে দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়বে বলেও আশা করেন তিনি।

গ্রামীণফোনের দাবি, বাংলাদেশ ব্যাংকের দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্যমাত্রা অর্জনে এ উদ্যোগ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে আরও বেশি গ্রাহকের কাছে এ সেবা পৌঁছে দিতে চায়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   প্রথম  টেলিকম  অপারেটর  বাংলা কিউআর  গ্রামীণফোন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: