প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন শুরুতরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ অর্থায়ন কর্মসূচি সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রমে একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন বিতরণ করা হবে।
অনুদানের অর্থের জোগান দেওয়া হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।
আগ্রহী তরুণদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
এর আগে, কর্মসূচির পরীক্ষামূলক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া ওই কার্যক্রম শেষ হয় ১৫ অক্টোবর। এ সময়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের আনুষ্ঠানিক নাম ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’। এর আওতায় উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য উদ্যোক্তা নির্বাচন এবং তাদের প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করা হবে। নতুন উদ্যোগ গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই এ কর্মসূচির লক্ষ্য।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এর আগে জানিয়েছিলেন, আগ্রহীরা যেকোনো বাণিজ্যিক ব্যাংকে আবেদন করতে পারবেন। আবেদন যাচাইয়ের জন্য ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে যোগ্য উদ্যোক্তাদের নির্বাচন করে অর্থায়ন দেওয়া হবে।
গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে এ কর্মসূচির নীতিমালা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য ও নীতিমালা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টাল www.bb.org.bd/smespd_portal-এ পাওয়া যাবে।
সময়ের আলো/কেএইচও