প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৮:৫৭ পিএম
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) । ছবি : সংগৃহীতভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি ভোক্তাকে অতিরিক্ত ২২৩ টাকা গুনতে হবে।
এছাড়া, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৪২ টাকা থেকে বাড়িয়ে ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৪৬ টাকা, ১৫ কেজির ২ হাজার ২৯৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির ২ হাজার ৪৪৯ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৭৮৭, ১৮ কেজির ২ হাজার ৭৫৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজির ৩ হাজার ৬১ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৩৪, ২২ কেজির ৩ হাজার ৩৬৭ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৭৭৭, ২৫ কেজির ৩ হাজার ৮২৭ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৯২, ৩০ কেজির ৪ হাজার ৫৯২ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৫১ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৩৫৭ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৩৩১০ টাকা থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৩৬৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করেছে বিইআরসি।
এদিকে, এলপিজির দাম বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের চার্জও পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজি ২৩ টাকা ৪৮ পয়সা, ডিস্ট্রিবিউটর চার্জ ৭ টাকা ৮ পয়সা এবং খুচরা বিক্রেতার (রিটেইলার) চার্জ ৫ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, অটোগ্যাসের মজুতকরণ চার্জ প্রতি লিটার ৫ টাকা ৫৯ পয়সা এবং স্টেশন চার্জ ৯ টাকা ২৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।
সময়ের আলো/এসকে